বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল কাস্টমসে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও ব্যবসাবান্ধব করতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আধুনিক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।
বেনাপোল স্থলবন্দর ও কাস্টমসের কার্যক্রম নিয়ে আয়োজিত আলোচনায় তিনি আমদানি-রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসন, সেবার মানোন্নয়ন এবং কার্যক্রমকে আরও সহজ ও স্বচ্ছ করার ওপর গুরুত্ব দেন।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও যশোর-১ (শার্শা) আসনের সাবেক ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনসহ স্থানীয় রাজনৈতিক নেতা, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। আলহাজ্ব নুরুজ্জামান লিটন বর্তমানে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আলোচনায় বেনাপোল স্থলবন্দরকে কেন্দ্র করে আমদানি-রপ্তানি বাণিজ্যের পরিধি আরও বাড়ানো এবং ব্যবসায়ীদের জন্য দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয় উঠে আসে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আরও সহজ, স্বচ্ছ ও গতিশীল করতে নিয়মিত এমন আলোচনা ও সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে ব্যবসায়ী, কাস্টমস কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয় আরও জোরদার হওয়ার পাশাপাশি বাণিজ্যিক কার্যক্রমে গতি আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন